হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় জর্ডানের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আম্মান, ১৪ মার্চ – সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে বেশ কয়েকজন রোগীর মৃত্যুতে জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত পদত্যাগ করেছেন।
দেশটির রাজধানী আম্মানের পশ্চিমে সল্ট সরকারি হাসপাতালে আন্তত ১২ জন রোগীর মৃত্যু হয়। এরপরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন নাথির ওবেইদাত। তবে ঠিক কী কারণে অক্সিজেন সংকট দেখা দিয়েছিল তা এখনো জানা যায়নি।
এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সকল দায়ভার নিজের কাঁধে নিয়ে জানান, এই সমস্যার সমাধান করা হয়েছে এবং হাসপাতালের রোগীরা এখন অক্সিজেন পাচ্ছেন।
আরও পড়ুন : সৌদির হজমন্ত্রী মোহাম্মদ বিন্তিন বরখাস্ত
জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসাওনেহ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি জর্ডানে করোনার সংক্রমণ বেশ বেড়ে গিয়েছে। ব্রিটেনে পাওয়া ভাইরাসের নতুন ধরনের কারণেই সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণরোধে গত সপ্তাহে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।
এক কোটি জনসংখ্যার দেশ জর্ডানে এখন পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ হাজার ২২৪ জনের।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ মার্চ









