এশিয়া

মিয়ানমার সেনাদের পরিচালিত ৫টি চ্যানেল বন্ধ করল ইউটিউব

নেপিডো, ০৬ মার্চ – মিয়ানমারে গত মাসে সামরিক অভ্যুত্থানের জেরে চলমান সহিংসতার মধ্যে দেশটির সেনাবাহিনী পরিচালিত পাঁচটি চ্যানেল সরিয়ে (রিমুভ) দিয়েছে ইউটিউব। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (৫ মার্চ) কমিউনিটি গাইডলাইনের আওতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব। চ্যানেলগুলো হলো- স্টেট নেটওয়ার্ক, এমআরটিভি (মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশন), সেনাবাহিনী পরিচালিত মায়াবতী মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মিয়ানমার।

সেনা শাসনের অবসান ও বন্দি নেতাদের মুক্তির দাবিতে মিয়ানমারে চলছে দুর্বার আন্দোলন। শুক্রবারও মান্ডালয়ে নিরাপত্তারক্ষীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে চলমান আন্দোলনে অন্তত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : এবার মিয়ানমারে বিদ্যুৎ বন্ধ করল জান্তা সরকার

এ বিষয়ে ইউটিউবের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কমিউনিটি গাইডলাইন এবং প্রযোজ্য আইন অনুযায়ী বেশকিছু চ্যানেল বন্ধ এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নেয়া হয়েছে।’

এদিকে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার’ অজুহাত দেখিয়ে শুক্রবার থেকে মিয়ানমারের সর্বত্র বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে রাজপথে বিক্ষোভ শুরু করেন। শান্তিপূর্ণ এই বিক্ষোভ অত্যন্ত সহিংসভাবে দমনের চেষ্টা চালাচ্ছে সামরিক সরকার।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language