রমজানের আগে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক কমাল এনবিআর

ঢাকা,২৫ নভেম্বর-আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে এই তিন ধরনের ফল আমদানির খরচ কমার পাশাপাশি বাজারে সরবরাহ বাড়বে বলে আশা করছে এনবিআর।
মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কার্যকর থাকবে। এর ফলে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমে আসবে।
অন্যদিকে, আপেল ও কমলা আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে এ দুটি ফল আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। আপেল ও কমলার জন্য নতুন শুল্ক-করহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে। এর ইতিবাচক প্রভাব বাজারদরের ওপর পড়বে এবং আসন্ন রমজানে ভোক্তারা তুলনামূলক স্বস্তি পাবেন।
জানা গেছে, আমদানিনির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি করা হয়েছিল। পরবর্তী বছরগুলোতে আপেল আমদানির পরিমাণ কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬২ হাজার টনে দাঁড়ায়, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।
অন্যদিকে, গত ছয় অর্থবছরে দেশে কমলা আমদানির পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি করা হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে নেমে আসে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে কমলা আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে দাঁড়িয়েছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
তবে শুল্ক কমানোর সুবিধা শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে কতটা পৌঁছাবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, আমদানি খরচ কমলেও সেই প্রভাব বাজারদরে নিশ্চিত না হলে ক্রেতারা প্রত্যাশিত স্বস্তি পাবেন না।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬







