পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে কমতে পারে রাতের তাপমাত্রা

ঢাকা,২৩ নভেম্বর-দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কমে আগামী কয়েক দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ পূর্বাভাস দিয়েছেন।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকাগুলোর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৫ নভেম্বর) থেকে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







