জাতীয়

শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডকে সহযোগিতা করবে সরকার: মাহদী আমিন

মাহদী আমিন

ঢাকা,২২ নভেম্বর-প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনা ও সার্বিক বিষয় বিবেচনা করে মজুরি বোর্ড যৌক্তিক, ন্যায্য ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে।

রোববার (২২ নভেম্বর) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর সরকার আস্থা রাখতে চায়। তারা যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সরকারের লক্ষ্য, শ্রমিকরা যেন ভালো থাকেন। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের ভাগ্যও পরিবর্তন হবে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক দিন ধরে কিছু কিছু জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এর পেছনে রাজনৈতিক উসকানি এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে চায়। এ দেশ আমাদের সবার। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার।’

এস এম/ ২২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language