অস্ট্রেলিয়া ও কানাডা থেকে চার মাসে ১৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

ঢাকা,২২ নভেম্বর-বাংলাদেশের প্রবাসী আয়ের উৎসে বৈচিত্র্য আসছে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ থেকেও রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশ দুটি থেকে প্রবাসী বাংলাদেশিরা ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে অস্ট্রেলিয়া থেকে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দুই দেশ থেকে পাওয়া অর্থ মোট রেমিট্যান্সের প্রায় ১ দশমিক ৫ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে ২ কোটি ১৩ লাখ ডলার, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার এবং অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে কানাডা থেকে জুলাইয়ে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২ কোটি ১০ লাখ ডলার এবং অক্টোবরে ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার এসেছে। চার মাসের হিসাবে দেশটি থেকে রেমিট্যান্স আসার পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দেশে বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ ধরে রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য আনা জরুরি। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে কষ্টার্জিত অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আস্থা বাড়ার বিষয়টিও এর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।
তিনি বলেন, প্রবাসীরা যাতে বৈধ পথে সহজে, সুবিধাজনকভাবে ও আকর্ষণীয় শর্তে অর্থ পাঠাতে পারেন, সে জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। একই সঙ্গে অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরিফ হোসেন খান আরও বলেন, রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা, ব্যাংকিং সেবার মান বাড়ানো এবং বৈধ বৈদেশিক মুদ্রাবাজার শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলছে।
মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, তাদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
অস্ট্রেলিয়া প্রবাসী চট্টগ্রামের আশিক মজুমদার বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে এখন বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানো আগের চেয়ে সহজ হয়েছে। তিনি সহজেই বাংলাদেশে থাকা বাবার ভরণপোষণের জন্য টাকা পাঠাতে পারছেন।
রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নেওয়া উদ্যোগগুলোরও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, রেমিট্যান্সের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি অর্থনীতিকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা বাড়ায় এবং বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা আরও শক্তিশালী করে।
অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশগুলোতে দক্ষ ও পেশাজীবী জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে বিদেশে বাংলাদেশের কর্মসংস্থানের গন্তব্য আরও বিস্তৃত হবে। এর ফলে দীর্ঘ মেয়াদে রেমিট্যান্স আয়ের সম্ভাবনাও বাড়বে।
তারা বলেন, প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ বাড়াতে পারলে প্রবাসী আয়ের ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে অল্প কয়েকটি দেশের ওপর রেমিট্যান্সের নির্ভরশীলতাও কমে আসবে।
এস এম/ ২২ নভেম্বর ২০২৬







