জাতীয়

ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

ওয়াহিদউদ্দিন মাহমুদ

ঢাকা,২২ নভেম্বর-বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশ একটি টেকসই শাসনব্যবস্থা গড়ে তুলতে পারেনি। কিছুদিন পরপর পুরো শাসনব্যবস্থায় পরিবর্তন আসছে, চলছে ভাঙাগড়ার প্রক্রিয়া। ঘন ঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের পথে একটি ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। তাঁর মতে, একটি কার্যকর গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা থাকলেও বাংলাদেশ বর্তমান অবস্থার চেয়ে আরও উন্নতি করতে পারবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ‘ছায়া সংসদ’ নামে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দল। প্রতিযোগিতায় অন্য দল হিসেবে অংশ নেয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি থেকে উত্তরণ একটি জাতীয় ইস্যু। সবাইকে একসঙ্গে এ উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপ দিতে হবে। প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। দুর্নীতি ও আমলাতান্ত্রিক বাধা কমিয়ে ব্যবসার জন্য সহজ পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, কিছুদিন পরপর রাজনৈতিক বিপর্যয় ঘটতে থাকলে উদ্যোক্তারা স্বস্তিতে থাকতে পারেন না। অর্থনীতিও ঠিকভাবে এগোতে পারে না। কিছুদিন পরপর ভাঙাগড়ার পরিস্থিতি তৈরি হয়। একটি টেকসই শাসনব্যবস্থা গড়ে তুলতে পারলে এলডিসি থেকে উত্তরণের সম্ভাবনাগুলো কাজে লাগানো সম্ভব হবে।

তৈরি পোশাক খাতের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিষয়টিকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে। মালিক ও শ্রমিক উভয় পক্ষই সমস্যার মধ্যে রয়েছে। স্বচ্ছতার সঙ্গে আলোচনা করলে এ সমস্যার সমাধান হতে পারে। সবকিছুতে স্বচ্ছতা থাকলে শ্রমিকরাও নিজেদের স্বার্থেই বুঝতে পারবেন, এই শিল্প না থাকলে তাঁরাও সংকটে পড়বেন।

জাতীয় জীবনে সুস্থ বিতর্কের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন ও ঝগড়া-বিবাদ বেড়েছে। এ পরিস্থিতি গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনতে হলে বিপক্ষের যুক্তিও শুনতে হবে। সমাজকে যুক্তিবাদী হতে হবে এবং সবার মতামতকে মর্যাদা দিতে হবে।

এস এম/ ২২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language