জাতীয়

ফিশিং লিংক ও ম্যালওয়্যারে বাড়ছে ডিজিটাল প্রতারণা, গ্রাহকের অজান্তেই ব্যাংক হিসাব থেকে টাকা চুরি

ফিশিং লিংক ও ম্যালওয়্যারে বাড়ছে ডিজিটাল প্রতারণা

ঢাকা,২২ নভেম্বর-দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারণার নতুন নতুন কৌশল সামনে আসছে। এখন আর শুধু ব্যাংক হিসাবের তথ্য বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) পিন চুরি করেই প্রতারণা সীমাবদ্ধ নেই। গ্রাহকের ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ চুরির ঘটনাও ঘটছে। ফলে গ্রাহক নিজে কোনো অনুমোদন না দিলেও তার ফোনের সফটওয়্যার ব্যবহার করে অর্থ স্থানান্তর করা সম্ভব হচ্ছে। এভাবে প্রতারণার শিকার হওয়ার পর অনেক সময় গ্রাহক বুঝতেই পারছেন না, কীভাবে তার হিসাব থেকে টাকা চলে গেল।

ফেসবুকে দেখা যাচ্ছে আকর্ষণীয় সব বিজ্ঞাপন। বিজ্ঞাপনের সঙ্গে দেওয়া লিংকে ক্লিক করলেই খুলে যাচ্ছে পরিচিত কোনো প্রতিষ্ঠানের আদলে তৈরি ওয়েবসাইট। কোথাও সফটওয়্যার আপডেটের কথা বলে লিংক পাঠানো হচ্ছে, আবার হোয়াটসঅ্যাপে আসছে ব্যাংকিং সেবা হালনাগাদ কিংবা বিশেষ অফারের বার্তা। আগ্রহী হয়ে কেউ এসব লিংকে প্রবেশ করলেই বিপত্তি ঘটছে। কখনো গ্রাহকের অজান্তেই তার স্মার্টফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে, আবার কখনো চুরি হচ্ছে ব্যাংকিংয়ের তথ্য ও গোপন পিন নম্বর। এরপর দ্রুত গ্রাহকের ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে একের পর এক লেনদেনের মাধ্যমে টাকা সরিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

সম্প্রতি ক্রেডিট কার্ডে জমে থাকা রিওয়ার্ড পয়েন্ট বা রিডেম্পশন পাওয়ার প্রলোভন দেখিয়ে সিদ্দিকুর রহমান নামের এক গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। প্রতারকরা ওই গ্রাহকের কাছে ব্যাংকের আদলে তৈরি একটি অনলাইন লিংক পাঠায়। সেই লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর চক্রটি ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর তার হিসাব থেকে অন্য একটি ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী জানিয়েছেন, তার ক্রেডিট কার্ডের টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তবে এখনো কোনো প্রতিকার পাননি।

ব্যাংকের সফটওয়্যার আপডেটের নামে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে হিসাবের টাকা সরিয়ে নেওয়ার ঘটনাও সম্প্রতি সামনে এসেছে। চলতি বছরের ২ জুন একজন ভুক্তভোগীর মোবাইলে সফটওয়্যার আপডেটের একটি বার্তা আসে। সেখানে ক্লিক করার পর ফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে এবং ডিসপ্লে বন্ধ হয়ে যায়। পরে ফোন চালু হলে ভুক্তভোগী বুঝতে পারেন, তার ব্যাংক হিসাব থেকে বিভিন্ন ব্যাংক ও এমএফএস হিসাবে মোট ৯ লাখ ৮৬ টাকা স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ৪ জুন পল্টন থানায় মামলা হয়। পরে গত ২ সেপ্টেম্বর রংপুরে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে সিআইডি। জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, চক্রটির সদস্যরা বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে ডিজিটাল প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ কাজে বিদেশি চক্রের সংশ্লিষ্টতার তথ্যও পেয়েছেন তদন্তকারীরা।

ঢাকায় একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করেন মোহাম্মদ কামাল হোসেন। গত ৮ নভেম্বর বেলা আড়াইটার দিকে তার ব্যবহৃত সেলফোনটি হঠাৎ স্বয়ংক্রিয়ভাবে রিসেট হয়ে যায়। এরপর তিনি ফোনটি মেরামতের জন্য একটি দোকানে দেন। ফোন ঠিক করার পর তিনি দেখতে পান, তার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হিসাব থেকে ছয়টি এনপিএসবি লেনদেনের মাধ্যমে ২ লাখ ৯৪ হাজার টাকা অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া পূবালী ব্যাংকের হিসাব থেকে ২ লাখ ৭৯ হাজার টাকা পাংশায় ব্র্যাক ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার সজল মন্ডল নামের একটি হিসাবে নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোহাম্মদ কামাল হোসেনের ব্যাংক হিসাব থেকে ৫ লাখ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় তিনি ভাটারা থানায় অভিযোগ করেছেন। মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সেলফোন অটো রিসেট হওয়ার পরই আমার ব্যাংক হিসাব থেকে টাকা এনপিএসবির মাধ্যমে অন্য দুটি ব্যাংক হিসাবে সরিয়ে নেওয়া হয়।’

এদিকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে ভুক্তভোগীর পরিচিতদের কাছে টাকা চাওয়ার ঘটনাও ঘটছে। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হোয়াটসঅ্যাপ হ্যাক করে তার পরিচয়ে এক কর্মকর্তার কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এ ঘটনায় সিআইডি একজনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস রিপোর্ট ২০২৫-এর তথ্য অনুযায়ী, ওই বছর মোবাইল আর্থিক সেবা, চেক ও কার্ড লেনদেনের মাধ্যমে মোট ৮১ হাজার ৪২৩টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে। এসব ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৯২ কোটি ৬০ লাখ টাকার বেশি। এর মধ্যে প্রায় ৮২ কোটি ৭২ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ জালিয়াতির মাধ্যমে খোয়া যাওয়া অর্থের প্রায় ৮৯ দশমিক ৩ শতাংশই প্রতারকদের কাছে থেকে গেছে। শুধু এমএফএস খাতে জালিয়াতির কারণে ক্ষতির পরিমাণ ছিল ৮১ কোটি ৩২ লাখ টাকা। এ খাতে ৭৪ কোটি ২৬ লাখ টাকা উদ্ধার করা যায়নি। অর্থ উদ্ধারের হার ছিল মাত্র ৮ দশমিক ৭ শতাংশ।

তবে বাংলাদেশ ব্যাংকের এ পরিসংখ্যানে শুধু ফিশিং বা মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে করা প্রতারণার হিসাব নেই। এতে এমএফএস, কার্ড ও চেকসংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতির সম্মিলিত চিত্র উঠে এসেছে। তারপরও সংশ্লিষ্ট ঘটনাগুলো ডিজিটাল আর্থিক লেনদেনের নিরাপত্তা এবং খোয়া যাওয়া অর্থ উদ্ধারের প্রক্রিয়ায় দুর্বলতার বিষয়টি সামনে এনেছে।

সাইবার অপরাধের বিস্তার নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিআইডিতে সাইবার অপরাধসংক্রান্ত ১৯১টি মামলা হয়েছে। এসব ঘটনায় ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে। সংগঠিত অপরাধের মধ্যে রয়েছে অনলাইন প্রতারণা, হ্যাকিং, পরিচয় ও তথ্য চুরি এবং ভুয়া লিংকের মাধ্যমে ব্যাংক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা।

এ বিষয়ে জানতে চাইলে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ‘অনলাইনে প্রতারণা, ডিজিটাল মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঘটনা তদন্তে সিআইডি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংঘবদ্ধ চক্র শনাক্ত করতে সাইবার মনিটরিং, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনা এবং প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অনলাইন প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের গতিপথ শনাক্ত, সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং অপরাধে ব্যবহৃত অ্যাকাউন্ট ও ডিজিটাল মাধ্যম শনাক্তের বিষয়েও আমরা কাজ করছি।’

ডিজিটাল প্রতারণা থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান ছুফি উল্লাহ। তিনি বলেন, ‘অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে কাউকে ওটিপি, পিন, পাসওয়ার্ড কিংবা ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গোপন তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এ ধরনের অপরাধ দমনে জনসচেতনতার পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে।’

তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশেষজ্ঞরা জানান, অনলাইনভিত্তিক প্রতারণায় ব্যবহৃত লিংকগুলো সাধারণত চারটি কৌশলে তৈরি করা হয়। প্রথমটি হলো ফিশিং লিংক। এ ক্ষেত্রে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ই-কমার্স সাইট কিংবা জনপ্রিয় কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মতো দেখতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে গ্রাহককে সেখানে নিয়ে যাওয়া হয়। এসব ওয়েবসাইটে ব্যাংক হিসাব নম্বর, কার্ডের তথ্য, পাসওয়ার্ড, পিন কিংবা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাওয়া হয়। দ্বিতীয়টি হলো স্মিশিং বা এসএমএস ফিশিং। এ পদ্ধতিতে কুরিয়ার ডেলিভারি, বিল পরিশোধ, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, পুরস্কার কিংবা সফটওয়্যার আপডেটের কথা বলে লিংক পাঠানো হয়।

তৃতীয় কৌশলটি হলো ম্যালওয়্যার বা রিমোট অ্যাকসেস ট্রোজান (আরএটি)। এ ধরনের ক্ষতিকর সফটওয়্যার একবার ফোনে প্রবেশ করলে দূর থেকে ডিভাইসটির বিভিন্ন কার্যক্রম দেখা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতারকরা ভুক্তভোগীকে এনিডেস্ক, টিমভিউয়ারের মতো রিমোট অ্যাকসেস অ্যাপ ইনস্টল করতে প্ররোচিত করে। আবার ভুয়া অ্যাপের মাধ্যমে ফোনের অ্যাকসেসিবিলিটি ও নোটিফিকেশন ব্যবহারের অনুমতি নিয়ে ওটিপি, বার্তা ও অন্যান্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। চতুর্থ কৌশলটি হলো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করা। এরপর পরিচিতজনের পরিচয় ব্যবহার করে টাকা চাওয়া কিংবা ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহককে প্রতারণার ফাঁদে ফেলা হয়।

বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি) গত ১৩ এপ্রিল ‘এরর৫২৪’ নামের একটি আন্তর্জাতিক স্মিশিং প্রচারণা সম্পর্কে সতর্ক করে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, খুচরা বিক্রয় ও সরকারি সেবার গ্রাহকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। ভুয়া এসএমএসে সংক্ষিপ্ত বা আড়াল করা লিংক পাঠিয়ে গ্রাহকদের নকল ওয়েবসাইটে নিয়ে ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং পরিচয় ও কার্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সংস্থা গত মে মাসে বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত ‘অ্যাসিঙ্কআরএটি’ নামের একটি রিমোট অ্যাকসেস ম্যালওয়্যার প্রচারণা সম্পর্কেও সতর্ক করে। এ প্রচারণায় ভুয়া অনলাইন জুয়ার অবকাঠামোর মাধ্যমে ব্যবহারকারীদের প্রলুব্ধ করার পাশাপাশি বিকাশ, নগদ ও রকেটের মতো স্থানীয় লেনদেন ব্যবস্থার আদল ব্যবহারের তথ্য পাওয়া যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অনলাইন প্রতারণা ও ডিজিটাল মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা নিয়ন্ত্রণে প্রচলিত তদন্ত পদ্ধতির পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বর্তমানে অপরাধীরা ভুয়া পরিচয়, একাধিক মোবাইল নম্বর, বেনামি ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অপরাধ করছে। এসব অপরাধ শনাক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ও পুলিশের মধ্যে সমন্বিত তথ্য বিনিময়ের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সন্দেহজনক লেনদেন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থ স্থানান্তর বন্ধ এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট জব্দ করার কার্যকর ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে অপরাধীদের ব্যবহৃত ডিজিটাল নেটওয়ার্ক শনাক্ত করতে বিশেষায়িত প্রযুক্তির ব্যবহার, তদন্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং জনসচেতনতা বাড়াতে হবে। অন্যথায় প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

এ ধরনের ঘটনায় অপরাধী শনাক্ত করার পাশাপাশি ভুক্তভোগীর অর্থ উদ্ধার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি বলেন, ‘অনলাইন প্রতারণা ও ডিজিটাল মাধ্যমে অর্থ আত্মসাৎ রোধে শুধু অপরাধী গ্রেফতার নয়, অর্থের গতিপথ শনাক্ত, দ্রুত সন্দেহজনক লেনদেন স্থগিত, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেলিকম অপারেটর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ জরুরি। পাশাপাশি শক্তিশালী কেওয়াইসি যাচাই, দ্রুত বিচার ও জনসচেতনতা নিশ্চিত করতে হবে।’

ডিজিটাল প্রতারণা মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সিআইআরটি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে সতর্কবার্তা ও নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক গত বছরের ৩০ জুলাই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য ১৭ দফা সাইবার নিরাপত্তা নির্দেশনা জারি করে। এতে সার্ভার ও ডেটাবেজের নিরাপত্তা জোরদার, সফটওয়্যার হালনাগাদ, অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ, গুরুত্বপূর্ণ সিস্টেমে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন চালু এবং তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়। চলতি বছরের ২৯ জুন অনলাইন আর্থিক প্রতারণা প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তি নিয়ে পৃথক নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে গ্রাহকদের ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড ও ওটিপি কারও সঙ্গে শেয়ার না করা, সন্দেহজনক লিংকে প্রবেশ না করা এবং পুরস্কার, লটারি বা বিনা জামানতে ঋণের প্রলোভনে সাড়া না দেওয়ার বিষয়ে সচেতন করতে বলা হয়।

এ ছাড়া ২৭ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক অনুমোদনহীন ৩১টি অ্যাপের নাম উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদনহীন ঋণ কার্যক্রমের প্রলোভন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অ্যাপ সহজ শর্তে ঋণের প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীর ফোনে থাকা যোগাযোগের তথ্য, ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। পরে ঋণ আদায়ের নামে ভয়ভীতি দেখানো, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দেওয়া এবং অতিরিক্ত অর্থ আদায় করার বিষয়টি বিএফআইইউর নজরে এসেছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, অনুমোদন ছাড়া ডিজিটাল মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘ডিজিটাল প্রতারণাসংক্রান্ত যেকোনো অপরাধ কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমরা কেবল প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। প্রতারণার শিকার গ্রাহকের অর্থ উদ্ধারের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’

ডিজিটাল প্রতারণার ক্ষেত্রে কেউ কেউ প্রলোভনের শিকার হচ্ছেন বলেও মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ ছড়িয়ে রয়েছে। কেউ যখন চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হন কিংবা প্রতারকদের কথায় অবাস্তব কিছু পাওয়ার আশা করেন, তখনই প্রতারণার শিকার হন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত এ ধরনের প্রতারণামূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতাও বলছে, প্রতারণা প্রতিরোধে গ্রাহকের সচেতনতার পাশাপাশি ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ইন্টারনেট ক্রাইম কমপ্লেইন সেন্টারের (আইসি৩) ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছর অনলাইন অপরাধের ৮ লাখ ৫৯ হাজার ৫৩২টি অভিযোগ জমা পড়ে। এসব ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ১৬ বিলিয়ন ডলারের বেশি, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি। অভিযোগের সংখ্যার দিক থেকে ফিশিং ও স্পুফিংয়ের ঘটনা ছিল সবচেয়ে বেশি।

ভারতের রিজার্ভ ব্যাংকের তথ্যেও আর্থিক খাতে ডিজিটাল জালিয়াতির দ্রুত বিস্তারের চিত্র পাওয়া যায়। দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ডিজিটাল পেমেন্ট জালিয়াতির ঘটনা ছিল ২ লাখ ৬০ হাজার। ২০২৫ সালে তা বেড়ে ২৮ লাখে দাঁড়ায়। এসব ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ২২ হাজার ৯৩১ কোটি রুপি। জালিয়াতি প্রতিরোধে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এখন সন্দেহজনক বা মানি মিউল হিসাব শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘মিউলহান্টার’ প্রযুক্তি এবং ঝুঁকিপূর্ণ লেনদেন চিহ্নিত করতে ডিজিটাল পেমেন্টস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহারের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে একাধিক ব্যাংকের মধ্যে সন্দেহজনক হিসাব ও লেনদেনের তথ্য আদান-প্রদান করা সম্ভব হচ্ছে।

সিঙ্গাপুরও এ ধরনের প্রতারণা ঠেকাতে সমন্বিত ব্যবস্থা নিয়েছে। দেশটির পুলিশ, ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করছে। স্ক্যামশিল্ড অ্যাপের মাধ্যমে সন্দেহজনক ফোনকল ও বার্তা শনাক্ত করে ব্লক করা হয়। ব্যাংকগুলোতে চালু হয়েছে মানি লক ব্যবস্থা, যার মাধ্যমে গ্রাহক নিজের সঞ্চয়ের একটি অংশ অনলাইন স্থানান্তরের বাইরে রাখতে পারেন। উচ্চ ঝুঁকির লেনদেন বা হিসাবের তথ্য পরিবর্তনের ক্ষেত্রে কুলিং-অফ পিরিয়ড চালুর উদ্যোগও রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হওয়া প্রটেকশন ফ্রম স্ক্যামস আইনের আওতায় প্রতারণার আশঙ্কা থাকলে পুলিশ ব্যাংককে সংশ্লিষ্ট ব্যক্তির লেনদেন সাময়িকভাবে সীমিত করার নির্দেশ দিতে পারে। এ ছাড়া ফিশিং প্রতারণার ক্ষেত্রে ব্যাংক ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নির্ধারণে যৌথ দায়িত্ব কাঠামো চালু করেছে দেশটি।

সিঙ্গাপুরের এ ব্যবস্থার কার্যকারিতার উদাহরণও রয়েছে। চলতি বছরের মার্চ-এপ্রিলে দেশটির পুলিশ ও পাঁচটি ব্যাংক রোবোটিক প্রসেস অটোমেশন প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য প্রতারণার শিকার হতে পারেন এমন গ্রাহকদের শনাক্ত করে। এ সময়ে ৫ হাজার ৬০০-এর বেশি সতর্কবার্তা পাঠিয়ে ৫০০টির বেশি চলমান প্রতারণা ঠেকানো হয়। এতে সম্ভাব্য ৩ কোটি ৭০ লাখ সিঙ্গাপুর ডলারের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়।

গ্রাহকরা সচেতন হলে অনলাইনভিত্তিক প্রতারণা অনেকটাই কমানো সম্ভব বলে মনে করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘ডিজিটাল প্রতারণা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকা জরুরি। বিশেষ করে সফটওয়্যার আপডেট, ব্যাংক হিসাব যাচাই, পুরস্কার, চাকরি কিংবা বিশেষ ছাড়ের নামে পাঠানো লিংকের সত্যতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট বা হটলাইনে যাচাই করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ইনস্টল করা উচিত নয়। এনিডেস্ক, টিমভিউয়ার বা এ ধরনের রিমোট অ্যাকসেস অ্যাপ অপরিচিত কারও নির্দেশে ইনস্টল করা যাবে না। কোনো অ্যাপকে অপ্রয়োজনীয় অ্যাকসেসিবিলিটি বা নোটিফিকেশনের অনুমতি দেওয়া থেকেও বিরত থাকতে হবে। ব্যাংকের পিন, পাসওয়ার্ড, কার্ডের তথ্য ও ওটিপি কখনো কারও সঙ্গে শেয়ার করা যাবে না। আমরা ব্যাংকের পক্ষ থেকে বার্তা পাঠিয়ে নিয়মিত গ্রাহকদের এসব বিষয়ে সতর্ক করছি।’

এস এম/ ২২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language