জাতীয়

১ ডিসেম্বর থেকে ঢাকায় অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি

ঢাকা,২০ নভেম্বর-ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় আগামী ১ ডিসেম্বর থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহার করা যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আগামী ১ ডিসেম্বর সকাল থেকেই বিভিন্ন চেকপোস্ট বসিয়ে এ অভিযান শুরু হবে। এর আগে সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলার জন্য মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজন বা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সড়কে চলাচলকারী মানুষ এবং জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এখনো এটি ব্যবহার করা হচ্ছে। চালক ও মালিকরা দায়িত্বশীল আচরণ করলেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কের শৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণ বাড়াচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

আনিছুর রহমান জানান, বাস ও ট্রাকের পাশাপাশি কিছু জিপগাড়িতেও হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইল্যান্সারও লাগানো হচ্ছে। এসব কারণে ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হচ্ছে।

তিনি বলেন, সড়ক পরিবহন বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী কাজে নিয়োজিত চার ধরনের যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এসব যানবাহনের বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চ শব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

অটোরিকশা বা একই ধরনের যানবাহন থেকেও উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি কর্পোরেশন এ ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর এসব যানবাহনের বিরুদ্ধেও অভিযান চলবে। তিনি আশা প্রকাশ করেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এসব পরিবহনও শৃঙ্খলার মধ্যে চলে আসবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদরোগী এবং অসুস্থ মানুষের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে, অনুমোদন ছাড়া বিকন লাইট ব্যবহার করলে সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হতে পারে।

‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’-এর তফসিল-১ অনুযায়ী, এলাকাভেদে শব্দের অনুমোদিত মাত্রা নির্ধারণ করা হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেল পর্যন্ত শব্দের অনুমতি রয়েছে। আবাসিক এলাকায় দিনে ৫৫ ডেসিবেল এবং রাতে ৪৫ ডেসিবেল, মিশ্র এলাকায় দিনে ৬০ ডেসিবেল এবং রাতে ৫০ ডেসিবেল শব্দের সীমা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ডেসিবেল ও রাতে ৭০ ডেসিবেলের মধ্যে শব্দের মাত্রা রাখতে হবে।

বিধিমালা অনুযায়ী, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে নির্ধারণ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৬ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অনুমতি ছাড়া মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটালে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে সংশ্লিষ্ট অপরাধীর সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

এছাড়া হাইড্রোলিক হর্ন ও মাল্টি-টোন হর্নসহ অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ তৈরি করে এমন হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাত বা প্রদর্শন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতে হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে। উপবিধি (১) অনুযায়ী, মোটরযানের অবস্থান বোঝাতে শ্রবণযোগ্য ও পর্যাপ্ত সতর্কতা দেওয়ার জন্য প্রতিটি মোটরযানে চালকের তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী হর্ন বা অন্য কোনো অনুমোদিত যন্ত্র সংযুক্ত থাকতে হবে।

উপবিধি (২)-এ বলা হয়েছে, হর্ন বা অন্য কোনো যন্ত্র থেকে উৎপন্ন শব্দের মাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এ নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না। উপবিধি (৩) অনুযায়ী, পরপর বিভিন্ন সুর তৈরি করে এমন বহুশ্রুতি হর্ন ব্যবহার করা যাবে না। একই সঙ্গে তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ তৈরি করে এমন হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন কিংবা ব্যবহার নিষিদ্ধ।

উপবিধি (৪)-এ বলা হয়েছে, মোটরযান নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত একই ধরনের যানবাহনের ক্ষেত্রে উপবিধি (৩)-এর বিধান প্রযোজ্য হবে না।

এস এম/ ২০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language