ঢালিউড

আদালত প্রাঙ্গণে পরীমনির তাণ্ডব: জামিন পেলেও সাংবাদিক ও বিচারপ্রার্থীকে হেনস্তার অভিযোগ

ঢাকা, ০৫ নভেম্বর – মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকদের গালিগালাজ, সংবাদকর্মীর ফোন ও ট্রাইপড কেড়ে নেওয়া, এক সাংবাদিককে খামচে দেওয়া এবং দেহরক্ষীদের ধাক্কায় এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়।

আদালত প্রাঙ্গণে কী ঘটেছিল?

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পরীমনির জামিন শুনানিকে কেন্দ্র করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার বিভিন্ন ভাইরাল ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় একের পর এক অপ্রীতিকর দৃশ্যপট:

সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তা:

আদালতের কাজ শেষে হাফ ডজনেরও বেশি দেহরক্ষী দিয়ে ঘেরা অবস্থায় পরীমনি গাড়িতে ওঠার সময় এক সাংবাদিককে ‘গায়ে হাত তোলার’ অজুহাতে টেনে এনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। তবে সেখানে উপস্থিত অন্য সংবাদকর্মীরা জানান, অভিযুক্ত সাংবাদিকের একটি হাত জন্মগতভাবেই অকার্যকর এবং অন্য হাতে ট্রাইপড ধরা ছিল, ফলে তার বিরুদ্ধে ওঠা ‘গায়ে হাত দেওয়া’র অভিযোগটি ভিত্তিহীন।

ফোন ছিনতাই ও সাংবাদিককে ‘খামচে’ দেওয়ার অভিযোগ:

হেনস্তার শিকার সাংবাদিক অভিযোগ করেন, লিফটে ওঠার সময় ভিডিও করতে গেলে পরীমনি তার হাত থেকে স্মার্টফোন কেড়ে নেন এবং ক্যামেরা ট্রাইপড ভেঙে ফেলেন। অন্যদিকে, অপর এক সংবাদকর্মী তাঁর শরীরে পরীমনির দেওয়া ‘খামচি’ ও বিক্ষত চিহ্ন দেখিয়ে এই আচরণকে স্পষ্ট অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেন।

দেহরক্ষীদের ধাক্কায় রক্তাত্ব সাধারণ বিচারপ্রার্থী:

সাংবাদিকদের সঙ্গে পরীমনির দেহরক্ষীদের মারমুখী আচরণ ও ধাক্কাধাক্কির সময় আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা সুজন চন্দ্র মনি দাস নামের এক সাধারণ বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়। তার ভাই সংবাদ মাধ্যমকে জানান, পরীমনির নিরাপত্তারক্ষীরা সজোরে ধাক্কা দিলে সুজনের মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে।

মামলার পটভূমি ও জামিন লাভ:

উল্লেখ্য, ২০২১ সালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় গত বুধবার (৪ নভেম্বর) পরীমনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমানের আদালতে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেও পুরো প্রাঙ্গণে পরীমনির এমন অনাকাঙ্ক্ষিত আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় তুলেছে।

এনএন/ ০৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language