ফুটবল

বর্ণবাদী গালির অভিযোগে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠ ছাড়ল ইংল্যান্ডের যুবারা

আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠ ছাড়ল ইংল্যান্ডের যুবারা

লন্ডন,২৭ অক্টোবর-ফুটবল মাঠে বর্ণবাদী গালির অভিযোগ তুলে মাঝপথেই খেলা ছেড়ে চলে গেছে ইংল্যান্ডের পুরো একটি দল। আজারবাইজানের রাজধানী বাকুতে প্রথমবারের মতো আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে মাঠ ছাড়ে ইংল্যান্ডের যুবারা। পরে রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ঘটনাটি তদন্ত করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সোমবার গ্রুপ ‘সি’-এর ম্যাচের শেষ দিকে এ ঘটনা ঘটে। তখন ৪-১ গোলে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। খেলার শেষ মুহূর্তে ইংল্যান্ডের একটি ফ্রি-কিককে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ইংল্যান্ডের এক খেলোয়াড় মাঠের বাইরে গিয়ে দলের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, প্রতিপক্ষের একজন তাঁকে বর্ণবাদী গালি দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তাঁকে ‘বানর’ বলে অপমান করা হয়।

এরপর ইংল্যান্ডের অধিনায়ক ওই সতীর্থকে সঙ্গে নিয়ে মাঠের বাইরে যান এবং রেফারির সঙ্গে কথা বলেন। পরে দলের প্রধান কোচ ম্যাট থর্প খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। ইংল্যান্ডের এক সহকারী কোচ রেফারিকে জানান, তাঁরা বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন এবং তাঁদের দল আর খেলা চালিয়ে যেতে চায় না। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ম্যাচে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সংস্থাটি অবগত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। এরপর বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে প্রমাণিত বর্ণবাদী আচরণ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

এবারই প্রথম আয়োজিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। এতে অংশ নিচ্ছে ১৮৯টি দেশ ও অঞ্চল। টুর্নামেন্টের ম্যাচগুলো হচ্ছে ছোট মাঠে, প্রতি দলে আটজন করে খেলোয়াড় নিয়ে। প্রতিটি ম্যাচে দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কম্বোডিয়া, মন্টেনেগ্রো ও নিকারাগুয়ার বিপক্ষে জয় পেয়েছিল ইংল্যান্ড। ঘটনার দিনই জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলার কথা ছিল ইংলিশ যুবারদের।

এস এম/ ২৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language