জিম্বাবুয়ের কাছে হারের পর স্লো ওভার রেটে আইসিসির জরিমানায় বাংলাদেশ

ঢাকা,১৯ অক্টোবর-ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের ধাক্কা সামলানোর আগেই আইসিসির শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় স্লো ওভার রেটের কারণে বাংলাদেশকে জরিমানা দিতে হচ্ছে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করার ক্ষেত্রে সংস্থাটির সব নিয়ম ও সময়ছাড় বিবেচনায় নেওয়ার পরও বাংলাদেশ বোলিংয়ে এক ওভার পিছিয়ে ছিল।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই নিয়ম অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম একাদশের সব ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ করে কেটে নেওয়া হয়েছে।
ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া স্লো ওভার রেটের অভিযোগ ও শাস্তি বাংলাদেশ দল সরাসরি মেনে নিয়েছে। ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এস এম/ ১৯ অক্টোবর ২০২৬







