২০২৯ সালে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ে অফিস শুরু, প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

ঢাকা,১৮ অক্টোবর-বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর করা হবে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিসের কার্যক্রম শুরু হবে। রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পরদিনই সচিবালয় স্থানান্তরের প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬







