ক্রিকেট

অনুমতি ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে নাম, আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

দিল্লি,১৪ অক্টোবর- অনুমতি না নিয়েই ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপের অংশগ্রহণকারীদের তালিকায় ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন এই ক্রিকেটার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ধাওয়ান জানান, টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তাঁর কোনো সম্মতি নেই। তিনি লেখেন, ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসেবে আমার নাম দেখেছি। আমার অজান্তে ও অনুমতি ছাড়াই আয়োজকেরা আমার নাম ব্যবহার করেছেন।’

তিনি আরও লেখেন, ‘বিষয়টি মোকাবিলায় আমার দল যথাযথ আইনি পদক্ষেপ নেবে। গণমাধ্যম ও আমার ভক্তদের অনুরোধ করছি, কোনো অননুমোদিত ঘোষণা প্রচার করবেন না বা তার ওপর নির্ভর করবেন না। আপনাদের অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

খবরে প্রকাশিত হয়েছিল, এশিয়া ওয়ারিয়র্স দলে ধাওয়ানের নাম রাখা হয়েছে। ২৪ সদস্যের এই দলে পাকিস্তানেরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন। তবে টুর্নামেন্টটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের সাবেক এই ওপেনার।

এশিয়া ওয়ারিয়র্সের তালিকায় ধাওয়ান ছাড়াও ভারতের সাবেক ক্রিকেটার রাহুল শর্মা, গুরকিরাত সিং মান ও অভিমন্যু মিঠুনের নাম রয়েছে। পাকিস্তানের সোহেল তানভীর, ইফতিখার আহমেদ ও মুহাম্মদ ইমরান খানসহ আরও কয়েকজন ক্রিকেটারও দলটিতে রয়েছেন।

এস এম/ ১৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language