জাতীয়বাংলাদেশ

জেলা হাসপাতালে ১০টি, মেডিক্যাল কলেজে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ঢাকা, ৩০ সেপ্টেম্বর- স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতের উন্নয়নে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আবার যেসব মেশিন আনা হয়েছিল, সেগুলোও ব্যবহার অযোগ্য। শুধু টাকা ব্যয় করা হয়েছে।

তিনি জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে।

এদিকে সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বেশির ভাগ সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা ভেবে অবহেলা করে। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান, তামাক, অতিরিক্ত লবণ ও প্রসেসড ফুড এড়িয়ে নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তারা।

এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language