পানির জন্য দেশে এখন মিছিল মিটিং করতে হয় না: এলজিআরডি মন্ত্রী

চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি – দেশের মানুষকে পানির জন্য এখন আর আন্দোলন অথবা মিছিল-মিটিং করতে হয় না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ শনিবার ( ২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত চট্টগ্রাম পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অধীন ‘পতেঙ্গা বুষ্টিং পাম্প ষ্টেশনের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, নগরীর গুরুত্বপূর্ণ এলাকা বলে হালিশহর, সিডিএ তে পানির জন্য হাহাকার ছিল। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম শহরের মানুষ এখন পানি পাচ্ছে। পানির জন্য আন্দোলন-মিছিল করতে হয় না। দেশে কোন পানির সংকট নেই।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গ্রহণের আগে বন্দরনগরীতে জনগণ নিরাপদ সুপেয় পানি সংকটে ভুগেছে জানিয়ে মোঃ তাজুল ইসলাম বলেন, প্রায় ৩৬ কোটি লিটার চাহিদার বিপরীতে চট্টগ্রাম ওয়াসা তখন ১৩-১৪ কোটি লিটার পানি সরবরাহ করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চট্টগ্রামে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা বাস্তবায়ন করেছে। আজকে সারা চট্টগ্রাম পানি পাচ্ছে।
আরও পড়ুন : ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন অপরিহার্য : প্রধানমন্ত্রী
তাজুল ইসলামের মতে, চট্টগ্রামের উন্নয়নে সরকার সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। কিন্তু এই অগ্রাধিকারের সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক গেটওয়ে। নদীর আশেপাশে আবর্জনা পড়ে থাকছে, জায়গা ইজারা নিয়ে ইন্ডাস্ট্রি করে দখল করা হচ্ছে। যা কখনোই কাম্য নয়। এটি কোনো দস্যুর দেশ নয়।
পতেঙ্গা বুস্টার পাম্প স্টেশনটির মাধ্যমে নগরের দক্ষিণাংশে বসবাসকারী জনগোষ্ঠীর নিকট পানি পৌঁছানো সম্ভব হবে। ফলে চট্টগ্রাম নগরের বন্দর ইপিজেড এলাকায় অবস্থিত বিভিন্ন সরকারী ও বেসরকারি স্থাপনার বিশাল জনগোষ্ঠীর চাহিদা মিটানো সম্ভব হবে। এই বুস্টার মেশিনের মাধ্যমে দৈনিক ৪ দশমিক ৫ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
সূত্র : ইত্তেফাক
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি







