ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের নতুন নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’

ঢাকা, ৫ সেপ্টেম্বর – পর্দার জনপ্রিয় জুটি ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান আবারও একসঙ্গে হাজির হচ্ছেন নতুন একটি নাটকে। ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নামের এই নাটকে তাদের রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।
প্রকাশিত পোস্টারে ইরফান ও সাদিয়াকে একটি বাসের ভেতরে হাসিখুশি ভঙ্গিতে বসে থাকতে দেখা গেছে। পোস্টারের ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন। পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মহিদুল মহিমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ। এতে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ছাড়াও অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ এবং ইশরাত জাহান অতিথিসহ অনেকে।
এর আগে ভালোবাসার দ্বিতীয় পত্র, সে থাকে আড়ালে, প্রেমের জোনাকি এবং পাতাবাহার এর মতো বেশ কিছু নাটকে এই জুটিকে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় নতুন এই কাজটি নিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। নাটকটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত না হলেও শিগগিরই এটি মুক্তি পাবে বলে জানা গেছে।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬







