বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়া, ৪ সেপ্টেম্বর – বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয়। এর আগে সকালে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের নিচু জমিতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর নিজের পায়েও আঘাত লেগেছে।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জের কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রতিমন্ত্রীর গানম্যান জানান, গাড়িতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রীসহ চালক ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে অন্য গাড়িতে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আব্দুল বারী, গাড়ি ছিটকে পড়ল ফসলের মাঠে
নিহতের স্বজনরা জানান, রাস্তা পার হওয়ার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রশাসন ও প্রতিমন্ত্রী নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এনএন/ ৪ সেপ্টেম্বর ২০২৬







