লারাক দ্বীপে হামলার পরও সচল ইরানের তেল কার্যক্রম: এনআইওসি প্রধান

তেহরান, ৩১ আগস্ট – হরমুজ প্রণালির লারাক দ্বীপে সাম্প্রতিক হামলার পরও ইরানের তেল সংক্রান্ত সব কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোরজ। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে দ্বীপের পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো ধরনের বাধা ছাড়াই তেল উত্তোলনের কাজ চলছে।
সাংবাদিকের সঙ্গে আলাপকালে হামিদ বোরজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা ভিডিওগুলোকে হাস্যকর বলে অভিহিত করেন। তিনি জানান, খার্গ দ্বীপের পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। অতীতে বিভিন্ন সময় খার্গের তেল স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্মী ও কর্মকর্তাদের প্রচেষ্টায় তেল কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি।
দ্বীপটিতে চলমান অবকাঠামো নির্মাণ ও কারিগরি কাজের অগ্রগতির কথা তুলে ধরে বোরজ বলেন, বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো স্টোরেজ ট্যাঙ্কগুলোর সংস্কার ও আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে। জেটি ও ট্যাঙ্ক পুনর্নির্মাণের পাশাপাশি অন্যান্য পূর্বপরিকল্পিত প্রকল্পের কাজও কোনো বিঘ্ন ছাড়াই চলছে।
তিনি আরও জানান, এসব প্রকল্পের কোনোটির ২০ শতাংশ আবার কোনোটির প্রায় ৩০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিও শেয়ার করার পরই এনআইওসি প্রধান এই মন্তব্য করলেন।
ওই ভিডিওতে বিস্ফোরণ ও আগুনের মধ্যে তেল স্থাপনাগুলো ধ্বংস হওয়ার দৃশ্য দেখা গিয়েছিল এবং ক্যাপশনে লেখা ছিল যে খার্গ দ্বীপকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এমন পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে।
গত রবিবার রাতে যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানলে এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। তবে যাবতীয় হুমকি ও হামলার মুখেও ইরানের তেল খাতের উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন হামিদ বোরজ।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬









