দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, নতুন দর ঘোষণা বাজুসের

ঢাকা, ৩১ আগস্ট – দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ১১৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকায় বিক্রি হবে।
সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকায় কেনা যাবে। এছাড়া ২১ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির রুপার দাম কমিয়ে করা হয়েছে ৩ হাজার ২০৭ টাকা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬









