দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নিজেকে বাংলাদেশি দাবি করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ আগস্ট – দ্বৈত নাগরিকত্ব নিয়ে চলমান বিতর্কের মধ্যে নিজেকে শুধুই বাংলাদেশি হিসেবে পরিচয় দিলেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নাগরিকত্ব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে হুমায়ুন কবির হাসিমুখে সংক্ষেপে উত্তর দেন যে তিনি একজন বাংলাদেশি। এরপর এই বিষয়ে তিনি আর বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য যে সরকার গঠনের ছয় মাস পর সম্প্রতি মন্ত্রিসভা সম্প্রসারণ করেন তারেক রহমান। গত শুক্রবার চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তার দ্বৈত নাগরিকত্ব থাকা না থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ১ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এনএন/ ৩০ আগস্ট ২০২৬









