শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল সচল করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী

ঢাকা, ৩০ আগস্ট – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালটি পুরোপুরি সচল করতে ৯০২ কোটি টাকার প্রয়োজন। জাতীয় সংসদে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
মন্ত্রী বলেন, বিগত সরকার কেবল একটি ভবন উদ্বোধন করেছিল, তবে এর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজগুলো তখন সম্পন্ন হয়নি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের ২.১ বিলিয়ন ডলারের সম্পদ ফেলে রাখা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটি দ্রুত চালু করা সম্ভব হলে জাইকার ঋণ পরিশোধ সহজ হবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করেছে এবং এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের বকেয়া পরিশোধ করলে টার্মিনালটি চালু করা যাবে। বর্তমানে এই প্রকল্পের অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের কাজ ৫৭ শতাংশ শেষ হয়েছে।
পূর্ববর্তী সরকারের আমলে কেনা ৯টি উড়োজাহাজ নিয়ে ওঠা অনিয়মের অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, এসব কেনাকাটায় কোনো দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে এবং লাগেজ দ্রুত সরবরাহে বেবিচক নিরলস কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
গত অর্থবছরে অর্ধেকের বেশি যাত্রীকে নির্দিষ্ট সময়ের মধ্যে মালামাল বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে। টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে ট্রাভেল এজেন্সি ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, নতুন পরিপত্র অনুযায়ী ট্রাভেল এজেন্সিগুলোকে টিকেটে লাইসেন্স নম্বর ও সঠিক বিক্রয়মূল্য উল্লেখ করতে হবে।
এনএন/ ৩০ আগস্ট ২০২৬









