মধ্যপ্রাচ্য

মুসলিম দেশগুলোর নিরাপত্তায় নিজেদের সক্ষমতার ওপর গুরুত্বারোপ গালিবাফের

তেহরান, ৩০ আগস্ট – ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মুসলিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি মনে করেন নতুন আঞ্চলিক চুক্তি এবং দেশগুলোর মধ্যকার সহযোগিতামূলক কাঠামো মুসলিম উম্মাহর জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে পারে।

ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন ইরানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যকার সুদৃঢ় ঐক্য জাতীয় শক্তি ও নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ। তিনি আরও উল্লেখ করেন যে সাম্প্রতিক সময়ের আঞ্চলিক পরিস্থিতি প্রমাণ করেছে বিদেশি শক্তিগুলো মুসলিম দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা দিতে সক্ষম নয়।

গালিবাফের মতে মুসলিম দেশগুলোর পারস্পরিক সদিচ্ছা গভীর সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সত্যিকারের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। নতুন ধরনের আঞ্চলিক চুক্তিগুলো মুসলিম দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে ভ্রাতৃত্ব ও সহযোগিতার পথ প্রশস্ত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মুসলিম দেশগুলোর ঐক্যের গুরুত্ব এবং এর সুফল স্পষ্ট করে তুলেছে। আধিপত্যবাদী শক্তির উচ্চাকাঙ্ক্ষা প্রতিহত করতে এবং সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ৩০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language