বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা

ঢাকা, ২৯ আগস্ট – রাজশাহী বিভাগের বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় বগুড়া জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা পর্যায়ের প্রতিনিধি এবং তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন। মূলত দলের সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ সুগম করতে এই সভার আয়োজন করা হয়েছে।
সভায় আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলার নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল হওয়ার পরামর্শ দেন।
তিনি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখার পাশাপাশি সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি দলের আদর্শ ও সরকারের উন্নয়ন বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন।
এস এম/ ২৯ আগস্ট ২০২৬









