বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ‘ফ্যাসিস্ট মুক্ত’ ক্যাম্পাস ঘোষণা

বরিশাল, ২৯ আগস্ট – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি অনুমোদিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, গত ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুসারী বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতেই সিন্ডিকেট এই ঘোষণা প্রদান করে।

শিক্ষার্থীদের সেই সাহসী প্রতিরোধের মাধ্যমেই মূলত জুলাই আন্দোলনে দেশের প্রথম ক্যাম্পাস হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্যাসিস্টমুক্ত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ এবং সিন্ডিকেট সদস্য ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান যে, সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের জন্য এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও চ্যান্সেলর বরাবর পাঠানো হবে।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language