৪১ বছর বয়সেও রোনালদো ম্যাজিক, আল তাওয়ুনকে হারিয়ে শীর্ষে আল নাসর

রিয়াদ, ২৯ আগস্ট – সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজেদের আধিপত্য বজায় রেখেছে আল নাসর। রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত লড়াইয়ে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ২-১ গোলের জয় তুলে নিয়েছে রিয়াদের ক্লাবটি। বরাবরের মতোই এই জয়ের রূপকার হিসেবে আবির্ভূত হয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের ১১ মিনিটে বাসেম মোহাম্মদ আলহুরাইজির গোলে আল তাওয়ুন এগিয়ে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে বিরতির ঠিক আগে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কস্তা গোল করে সমতা ফিরিয়ে আনেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫ মিনিটের মাথায় রোনালদোর জাদুকরী ফ্লিকে লিড পায় আল নাসর।
মোহাম্মদ সিমিকানের বাড়ানো বল নিখুঁত ফ্লিকে জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। শেষ পর্যন্ত রোনালদোর সেই বুদ্ধিদীপ্ত গোলই দলের জয় নিশ্চিত করে। এই জয়ের সুবাদে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আল নাসর।
অন্যদিকে সমান সংখ্যক গোল না পেলেও তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল। পেশাদার ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৭৮। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন মাত্র ২২ গোল। চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি তার দ্বিতীয় গোল।
এস এম/ ২৯ আগস্ট ২০২৬









