জাতীয়

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে নিহত ১৪৭, দুর্ঘটনা ৫৪৮টি

ঢাকা, ২৮ আগস্ট – পদ্মা সেতু উদ্বোধনের পরবর্তী চার বছরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৭ জন এবং আহত হয়েছেন অন্তত ৮৭৪ জন।

বৃহস্পতিবার মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিসংখ্যান নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছেন। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সমান্তরালে সড়ক দুর্ঘটনার সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। দুর্ঘটনা রোধে তিনি চালক ও সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্রাফিক আইন ও নিয়ম মেনে যানবাহন চালালে এই সড়কে দুর্ঘটনার হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এনএন/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language