জাতীয়

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ২৮ আগস্ট – আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে এবং দেশের কিছু স্থানে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল শনিবারও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে পরদিন রোববার থেকে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার ও মঙ্গলবারও দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকতে পারে।

এনএন/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language