দেশের সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা, ২৮ আগস্ট – দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ১২ ডিসেম্বর এ ইউনিট, ১৯ ডিসেম্বর বি ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদনের সময়সীমা ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি শুরু হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।
চবিতে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৭ ও ১৮ ডিসেম্বর এবং এমআইএসটিতে ১৮ ও ১৯ ডিসেম্বর পরীক্ষা হবে। কুয়েটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮ জানুয়ারি তিন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ২৮ আগস্ট ২০২৬









