দক্ষিণ এশিয়া

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ তেলেগু অভিনেতা জিভি নারায়ণ রাও

হায়দরাবাদ, ২৮ আগস্ট – তেলেগু চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ও প্রযোজক জিভি নারায়ণ রাও মারা গেছেন। বুধবার রাতে হায়দরাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহকর্মী অভিনেত্রী কারাতে কল্যাণী।

শুক্রবার হায়দরাবাদের বৈকুণ্ঠ মহাপ্রস্থান শ্মশানে এই গুণী অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৭৬ সালে কে বালচন্দরের পরিচালিত আন্তুলেনি কথা চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন জিভি নারায়ণ রাও। প্রথম ছবিতেই অভিনয়শৈলী প্রদর্শন করে তিনি দর্শকের নজর কাড়েন।

পাঁচ দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অন্তত ১০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ওকা উরি কথা, উ রুকিচ্ছিনা মাটা এবং মঞ্চু পাল্লাকি। মূল চরিত্রের পাশাপাশি তিনি অনেক বাণিজ্যিক সফল ছবিতেও অভিনয় করেছেন।

মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত গ্যাং লিডার ও হিটলার ছবিতে তার কাজ প্রশংসিত হয়েছিল। অভিনয় ছাড়াও সফল চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তার সুনাম ছিল।

তিনি চেত্তানিকি কাল্লু লেভু ও যমুদিকি মগুডুর মতো ব্যবসা সফল ছবি প্রযোজনা করেন। রূপালি পর্দার পাশাপাশি ছোট পর্দায় পাসুপু কুমকুমা এবং সুন্দরকাণ্ড ধারাবাহিকে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এস এম/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language