জাতীয়

জনদুর্ভোগ ও বিল উত্থাপনের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ঢাকা, ২৭ আগস্ট – দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় সংসদ থেকে একযোগে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনটি সরকারি বিল উত্থাপনের প্রক্রিয়া শুরু হলে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের নেতৃত্বে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

অধিবেশনে বিরোধীদলীয় নেতা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের শত শত কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে শিল্প মালিকদের পাশাপাশি সাধারণ শ্রমিকরা কর্মসংস্থান হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিদ্যুৎ বিভ্রাট ও অতিরিক্ত ভুতুড়ে বিলের চাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ড. শফিকুর রহমান অভিযোগ করেন, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন আহ্বানের আবেদন জানানো হলেও সরকার তা উপেক্ষা করেছে।

তিনি উল্লেখ করেন, গণভোটে সংস্কারের পক্ষে দেশের ৭০ শতাংশ মানুষের রায় থাকা সত্ত্বেও সংস্কার পরিষদের কোনো সভা আহ্বান করা হয়নি। এমনকি বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার সংক্রান্ত অন্তত ২০টি গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স বা অধ্যাদেশ নিষ্ক্রিয় হতে দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে সমাজে আবারও পুরোনো ফ্যাসিবাদী ব্যবস্থা মাথাচাড়া দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংসদের কার্যপ্রণালি বিধির ব্যত্যয় ঘটানোর অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, বৃহস্পতিবার ছিল মূলত বেসরকারি সদস্য দিবস। প্রথা অনুযায়ী এদিন সাধারণ সংসদ সদস্যদের নোটিশ ও বিল নিয়ে আলোচনার কথা থাকলেও সরকার তা পাশ কাটিয়ে নিজেদের বিল উত্থাপন করছে।

বিরোধী দলের পক্ষ থেকে জনস্বার্থ সংশ্লিষ্ট চারটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হলেও সে বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। স্পিকারের পক্ষ থেকে অধিবেশনে ফিরে আসার অনুরোধ জানানো হলেও বিরোধী সদস্যরা তা প্রত্যাখ্যান করে কক্ষ ত্যাগ করেন।

এনএন/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language