উত্তর আমেরিকা

মোজতবা খামেনি বেঁচে থাকলেও গুরুতর আহত বলে দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ২৭ আগস্ট – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন তবে গত ফেব্রুয়ারির হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কনজারভেটিভ ধারাভাষ্যকার গ্লেন ব্যাককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন যে তিনি বিশ্বাস করেন না মোজতবা খামেনি মারা গেছেন।

তবে যৌথ মার্কিন ও ইসরায়েলি হামলায় তার শরীরের বাম পাশ এবং হাত ও পা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি মধ্যস্থতাকারীদের আচরণের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন যে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রতিনিয়ত মোজতবার সাথে পরামর্শের কথা বলছেন যা থেকে তার বেঁচে থাকার বিষয়টি স্পষ্ট হয়।

গত ২৮ ফেব্রুয়ারি এক হামলায় তার বাবা আলী খামেনি নিহত হওয়ার পর ৮ মার্চ ইরানের বিশেষজ্ঞ পরিষদ ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং কোনো ভিডিও বা ছবিও প্রকাশিত হয়নি।

এমনকি গত জুলাই মাসে অনুষ্ঠিত তার বাবার দাফন অনুষ্ঠানেও তাকে অনুপস্থিত থাকতে দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে হামলার পর মোজতবা খামেনিকে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং মুখে দগ্ধ হওয়ার কারণে তার কথা বলতে সমস্যা হচ্ছে।

যদিও তেহরান এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেনি। সাক্ষাৎকারে ট্রাম্প হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন যে সেখানে মাইন অপসারণের কাজ শেষ হয়েছে এবং আন্তর্জাতিক নৌযানগুলো এখন নিরাপদে চলাচল করছে।

যদিও বাস্তবে তেহরান এখনো প্রণালিটি সাধারণ বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি উন্মুক্ত করেনি। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। অর্থনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধির মাধ্যমে শিগগিরই এই ক্ষেত্রে বড় সাফল্য আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এস এম/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language