দক্ষিণ এশিয়া

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১৭, বিহার ও উত্তর প্রদেশে বন্যা সতর্কতা

কলম্বো, ২৬ আগস্ট – নেপালের রাসুয়া জেলায় আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। তিব্বত সীমান্ত থেকে আসা প্রবল পানির স্রোতে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের বিহার ও উত্তর প্রদেশ রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় গণ্ডক নদীর তীরবর্তী জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নেপালে উৎপত্তি হওয়া গণ্ডক ও কোসি নদী বিহারের ওপর দিয়ে প্রবাহিত। নেপালে গণ্ডক নদীটি নারায়ণী নামেও পরিচিত। উজানে আকস্মিক ঢলের কারণে বিহারের নদীগুলোতে পানিপ্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

বিহার সরকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, মুখ্য সচিব ও পুলিশের মহাপরিচালক সার্বক্ষণিকভাবে পরিস্থিতি নজরে রাখছেন এবং প্রয়োজনে তিনি নিজে দুর্গত এলাকা পরিদর্শন করবেন। বিহারের স্বাস্থ্য বিভাগকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার জানিয়েছেন, প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গণ্ডক নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অপ্রয়োজনে নদীর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার স্থানীয় প্রশাসনকেও বিশেষ প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গণ্ডক ও নারায়ণী নদীর পানির উচ্চতা বাড়ার আশঙ্কায় এই সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। প্রশাসন সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করতে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language