জাতীয়

ছয় মাসে সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

ঢাকা, ২৬ আগস্ট – সরকারের পক্ষে মাত্র ছয় মাসে দীর্ঘদিনের জমে থাকা সব সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি জানান, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ামাত্রই কমিটিগুলো চূড়ান্ত করা হবে। নূরুল ইসলাম মনি বলেন, আসন্ন অধিবেশনে সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ছয়টি বিল উত্থাপন করা হতে পারে। প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর আইনে বাবা-মা সম্পত্তি সন্তানদের লিখে দেওয়ার পরও জীবিত থাকা পর্যন্ত এর ভোগদখল ও ব্যবহারের অধিকার পাবেন।

এর মাধ্যমে বৃদ্ধ বয়সে সন্তানদের অবহেলা থেকে বাবা-মাকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ জানান, ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। যেখানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। তিনি ভারতের সংবিধানের উদাহরণ দিয়ে বলেন, প্রয়োজন অনুযায়ী সংবিধান সংস্কার একটি স্বাভাবিক প্রক্রিয়া।

বিদ্যুৎ খাত নিয়ে তিনি বলেন, বিগত সরকারের করা বিভিন্ন অসম চুক্তি দেশের জন্য বিশাল অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আদানির সঙ্গে চুক্তিকে তিনি গর্হিত অপরাধ হিসেবে আখ্যা দেন। চিফ হুইপ আরও বলেন, একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতেও অন্তত দুই বছর সময় লাগে।

তাই বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলকে রাজপথে বিশৃঙ্খলা না করে সংসদে এসে গঠনমূলক ভূমিকা পালনের অনুরোধও জানান তিনি। তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থার কথাও তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language