গ্যাস আমদানির নামে ১৭ বছর ধরে লুটপাট করা হয়েছে: প্রেস সচিব শিবলী

চাঁদপুর, ২৪ আগস্ট – গত ১৭ বছর গ্যাস আমদানির নামে দেশে ব্যাপক লুটপাট চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। তিনি বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ সংকটের মূল কারণ হচ্ছে জ্বালানি হিসেবে গ্যাসের চরম আমদানি নির্ভরতা।
বিগত ফ্যাসিবাদী সরকার কোনো উন্নয়ন না করে আমদানির দোহাই দিয়ে অর্থ লুটপাট করেছে। রবিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, খুব শীঘ্রই তারেক রহমানের নেতৃত্বে সরকারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে।
আগামীতে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উৎপাদন বৃদ্ধি করা গেলে বিদ্যুৎ খাতের সংকট দূর করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের মনের ভাষা বোঝে। সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
সকল পেশাজীবীদের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের প্রত্যাবর্তনের দিনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সফল বাস্তবায়ন করা হবে। জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে বিধায় তিনি সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এস এম/ ২৪ আগস্ট ২০২৬









