জাতীয়

নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে ডিলারদের সতর্ক করল বিএফএ

ঢাকা, ২৩ আগস্ট – সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। শনিবার সংগঠনটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে সার উত্তোলন এবং গুদামে প্রয়োজনীয় মজুত নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা জানানো এবং নিয়মিত বিক্রয় রেজিস্টার সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।

অতিরিক্ত মূল্যে সার বিক্রি বন্ধ করতে নিয়মিত তদারকি পরিচালনার জন্য ডিলারদের নির্দেশ দেওয়া হয়। বিএফএ সতর্ক করে দিয়েছে যে সারের বাজার নিয়ন্ত্রণে সরকারি নীতিমালা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনো অসাধু মহল যাতে চড়া দামে সার বিক্রি করে তার দায় ডিলারদের ওপর চাপাতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখারও পরামর্শ দিয়েছে বিএফএ।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language