শিক্ষা

দেশে বিশ্বমানের গবেষণায় পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ

ঢাকা, ২২ আগস্ট – দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে উন্নত বিশ্বের আদলে একটি বিশেষায়িত পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

সাভারের ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশ্বমানের গবেষণা পরিচালনার জন্য এ ধরনের বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এ কারণে দেশের অনেক শিক্ষার্থী উচ্চতর শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন। শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করতে প্রধানমন্ত্রী স্বয়ং এ উদ্যোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, শিক্ষা বাজেটে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। উচ্চশিক্ষাকে সময়োপযোগী করতে পাঠ্যক্রম নিয়মিত হালনাগাদ করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির ওপর জোর দেন মন্ত্রী।

এ সময় তিনি মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউজিসিকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি জানান, উচ্চশিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছর মেয়াদী একটি কৌশলপত্র প্রণয়ন করা হচ্ছে। এছাড়া স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা দিতে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংলাপে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

এনএন/ ২২ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language