স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশনে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ২২ আগস্ট – দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, প্রাথমিকভাবে নির্দিষ্ট কয়েকটি জেলায় এই প্ল্যাটফর্মের কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় এবং বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সমন্বিত এই ব্যবস্থাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল ভোগ করতে পারেন। এছাড়া চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া যেন আরও গতিশীল ও সহজ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
রোগীর স্বাস্থ্য তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসক বা প্রতিষ্ঠানের কাছে তা সহজলভ্য করার ওপরও তিনি জোর দেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা অপরিহার্য।
একই সঙ্গে এই ব্যবস্থা যেন সাশ্রয়ী ও দীর্ঘ মেয়াদে ব্যবহারের উপযোগী হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করারও তাগিদ দেন তিনি। সভার শুরুতে প্রকৌশলী জাকারিয়া স্বপন ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২২ আগস্ট ২০২৬









