জাতীয়

এনবিআরে বড় রদবদল: সিআইসিতে প্রথম নারী প্রধান সেলিনা সুলতানা

ঢাকা, ২১ আগস্ট – জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিবের নেতৃত্বাধীন এনবিআর প্রশাসনে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তনের ঘটনা।

বৃহস্পতিবার পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনারের দফতর পরিবর্তন করা হয়েছে। এর আগে অন্য এক আদেশে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে কমিশনার পদে চলতি দায়িত্ব প্রদান করা হয় যাদের পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।

এ পরিবর্তনের অন্যতম বিশেষ দিক হলো এনবিআরের সিআইসির মহাপরিচালক হিসেবে সেলিনা সুলতানার নিযুক্তি। এনবিআরের ইতিহাসে এই প্রথম কোনো নারী কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই গোয়েন্দা সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে তিনি ঢাকার কর অঞ্চল চার এর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে সিআইসির বিদায়ী মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল আট এর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক ও বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মহিদুল ইসলামকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজস্ব আদায় এবং গোয়েন্দা কার্যক্রমে গতিশীলতা ফেরাতে প্রশাসনিক কাঠামোতে এ পরিবর্তন আনা হয়েছে। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর সেপ্টেম্বর মাসেও ৪০ জন কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছিল।

এস এম/ ২১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language