রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন

ঢাকা, ২০ আগস্ট – বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
এর আগে জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ড. ইউনূস তার বার্তায় উল্লেখ করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে তা নিবিড়ভাবে সম্পৃক্ত। একজন শিক্ষাবিদ ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নোবেলজয়ী এই অধ্যাপক আরও বলেন যে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। পরিশেষে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এনএন/ ২০ আগস্ট ২০২৬









