রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকা, ১৯ আগস্ট – রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন অপরাধের ঘটনায় মোট ৫৯টি মামলা দায়ের করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩২ জন এবং ওয়ারী বিভাগ থেকে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উত্তরা বিভাগ থেকে ৫৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৫ জন, গুলশান বিভাগ থেকে ৪০ জন, রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। মাদকের পাশাপাশি ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
একই সময়ে পুলিশ দুই ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এনএন/ ১৯ আগস্ট ২০২৬









