ক্রিকেট

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন ডেভিড ওয়ার্নার

ক্যানবেরা, ১৮ আগস্ট – অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করেছেন। সিডনির একটি আদালত তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করার পাশাপাশি লাইসেন্সের বিষয়ে বিশেষ শর্ত আরোপ করেছেন। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওয়ার্নারকে এখন থেকে গাড়ি চালাতে হলে ইন্টারলক ডিভাইস ব্যবহার করতে হবে। নির্দিষ্ট এই যন্ত্রটি গাড়িতে সংযুক্ত না করা পর্যন্ত তিনি ইন্টারলক লাইসেন্সের আওতায় গাড়ি চালাতে পারবেন না। গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের নিয়মিত পরীক্ষায় ধরা পড়েন এই তারকা ক্রিকেটার।

প্রাথমিক পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ায় তাকে মারৌব্রা পুলিশ স্টেশনে নিয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪ পাওয়া যায় যা আইনি সীমার দ্বিগুণেরও বেশি। আদালতে ওয়ার্নারের আইনজীবী দণ্ড কমানোর আবেদন জানিয়ে বলেন যে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়ায় ওয়ার্নার ইতিমধ্যে সামাজিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আইনজীবী আওয়াইজ আহমেদ উল্লেখ করেন যে ইএসপিএন এবং আল জাজিরাসহ বিভিন্ন প্রভাবশালী মাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ায় তার বাণিজ্যিক সুযোগ সুবিধার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বর্তমানে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও নিয়মিতভাবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী গাড়ি স্টার্ট দেওয়ার আগে তাকে ডিভাইসের মাধ্যমে নিঃশ্বাস পরীক্ষা করতে হবে। সেখানে অ্যালকোহল শনাক্ত হলে গাড়িটি আর সচল হবে না।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language