বাদ পড়া এলাকায় হামের টিকা দেওয়ার বিশেষ উদ্যোগ সরকারের

ঢাকা, ১৮ আগস্ট – দেশের যেসব এলাকায় শিশু টিকা নেওয়া থেকে বাদ পড়েছে, সেসব ছোট ছোট এলাকায় নতুন করে হাম ও রুবেলার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে হামের প্রকোপ কমাতে রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসা নির্দেশিকা বা ক্লিনিক্যাল গাইডলাইন ব্যাপকভাবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির এক সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, মূলত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী যেসব শিশু টিকা পায়নি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। বর্তমানে স্বাস্থ্য বিভাগের হাতে প্রায় ১৬ লাখ টিকা মজুত রয়েছে।
সভায় জানানো হয়, হামে আক্রান্ত রোগীদের একটি বড় অংশই শিশু। এর মধ্যে ৭৪ শতাংশ শিশুর বয়স ছয় মাস থেকে পাঁচ বছর। হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করতে মাঠপর্যায়ে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের বিষয়টিও সভায় গুরুত্ব পায়।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রায় ১ কোটি ৯৩ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে রোগটি নিয়ন্ত্রণে আরও তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএন/ ১৮ আগস্ট ২০২৬









