আইনশৃঙ্খলার উন্নয়নে আরও সময়ের প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৭ আগস্ট – বিএনপি সরকারের গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির পূর্ণাঙ্গ উন্নয়নে আরও কিছুটা সময় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে স্কেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন যে সন্তুষ্টির বিষয়টি মূলত জনগণের মূল্যায়নের ওপর নির্ভর করে। তিনি আরও বলেন যে আমরা সবসময়ই বলব পরিস্থিতির উন্নতি হয়েছে তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সময় লাগবে।
সরকারের বিভিন্ন সংস্কারমূলক কাজের কথা উল্লেখ করে তিনি জানান যে মাত্র ১৮০ দিনের মধ্যে অনেক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈশ্বিক সংকটগুলোও সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি তেল ও গ্যাস সংকট সামাল দিতে সরকার কার্যকরী ভূমিকা রেখেছে।
সাধারণ মানুষের কথা চিন্তা করে দীর্ঘ সময় তেলের দাম বাড়ানো হয়নি এবং বোরো মৌসুম শেষে অত্যন্ত সহনীয় মাত্রায় মূল্য সমন্বয় করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এনএন/ ১৭ আগস্ট ২০২৬









