মস্কো অঞ্চলে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ৭

মস্কো, ১৭ আগস্ট – রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আকারের হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৯ জনেরও বেশি মানুষ। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
রাশিয়ার সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এটি ছিল চলতি বছরে ইউক্রেনের চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা। গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, এই হামলায় প্রায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছে যার মধ্যে ৬০০টি ড্রোনই মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
তিনি আরও বলেন যে রাশিয়ার রাজধানী সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে। হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করেছে এবং এর পাল্টা জবাব হিসেবে কিয়েভও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা জোরদার করেছে।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ প্রদেশে রাতভর হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে অঞ্চলটির গভর্নর জানিয়েছেন। এছাড়া ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একটি বেসামরিক যাত্রীবাহী বাসে হামলায় এক নারী নিহত হয়েছেন। মস্কোর পোডলস্ক এলাকায় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, কোলেডিনোতে অবস্থিত ওয়াইল্ডবেরিজের গুদামে হামলায় তিনজন আহত হয়েছেন। ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ওই গুদাম থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে এই প্রতিষ্ঠানটি ব্যবহার করা হচ্ছিল। ফলে রাশিয়ার সামরিক সক্ষমতাকে দুর্বল করতেই এই লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে।
এস এম/ ১৭ আগস্ট ২০২৬









