ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে ঠেকাতে তেলের দাম বাড়লেও সমস্যা নেই: ট্রাম্প

ওয়াশিংটন, ১৬ আগস্ট – ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়লেও তা মেনে নেওয়া সমীচীন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, তেহরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে ঠেকানোই বর্তমান সামরিক সংঘাতের অন্যতম লক্ষ্য।
অন্যদিকে যুক্তরাষ্ট্রকে পরাজয়ের বাস্তব পরিস্থিতি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ইরানবিরোধী অভিযান বন্ধের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে।
ইরান পরাজয়ের বাস্তবতা মেনে না নেওয়া পর্যন্ত এই নৌ অবরোধ অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক রাজনৈতিক সমাবেশে তিনি বলেন, একটি ভয়ংকর দেশ যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে গ্যাসোলিনের জন্য কিছুটা বাড়তি অর্থ ব্যয় করা যুক্তিসঙ্গত।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ৪ দশমিক ০৮ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি। এই মূল্যবৃদ্ধি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্র্যাটদের সমালোচনার সুযোগ করে দিচ্ছে। এদিকে বিশ্ববাজারেও তেলের দাম ঊর্ধ্বমুখী।
শুক্রবার ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনৈতিক সংকটের জন্য মার্কিন বন্দর অবরোধ ও নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহে ইরানের ওপর আরও কঠোর পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে তেলের কোনো চালান যাচ্ছে না। শান্তি আলোচনার সম্ভাবনাও বর্তমানে ক্ষীণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এস এম/ ১৬ আগস্ট ২০২৬









