মধ্যপ্রাচ্য

বাহরাইনে ইরানি হামলা: বিপাকে মার্কিন নৌবাহিনী, রসদ সংকটে ইউএসএস আব্রাহাম লিংকন

মানামা, ১৫ আগস্ট – বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটিতে ইরানি হামলার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর দীর্ঘদিনের রসদ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইটান্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাহরাইনের কৌশলগত ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বাধ্য হয়ে বিকল্প হিসেবে ভারত মহাসাগরের দূরবর্তী দিয়েগো গারসিয়া দ্বীপে তাদের লজিস্টিক হাব স্থানান্তর করেছে।

ভৌগোলিক দূরত্বের এই পরিবর্তনের কারণে সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। সম্প্রতি ইউএসএস আব্রাহাম লিংকন রণতরীতে কর্মরত নাবিকদের মধ্যে তীব্র রসদ সংকট এবং মানসিক চাপের মতো সমস্যাগুলো সামনে এসেছে।

ইরানের পাল্টা জবাবে বাহরাইনের সামরিক স্থাপনাটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে এটিই ছিল মার্কিন বাহিনীর রসদ সরবরাহের মূল কেন্দ্র। আঞ্চলিক বন্দরগুলোতে আরও হামলার আশঙ্কায় মার্কিন নৌবাহিনী এখন চরম লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি।

পেন্টাগন দিয়েগো গারসিয়া দ্বীপটিকে বিকল্প হিসেবে ব্যবহার করলেও এটি ওমান উপসাগর থেকে প্রায় দুই হাজার ২০০ মাইল দূরে অবস্থিত। বর্তমানে পারস্য উপসাগরে মোতায়েন রণতরীগুলোতে রসদ পৌঁছাতে অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় হচ্ছে যা পুরো সাপ্লাই চেইনকে চাপের মুখে ফেলেছে।

সাগরে দীর্ঘমেয়াদী অবস্থান এবং রসদ সংকটের প্রভাব ইউএসএস আব্রাহাম লিংকন রণতরীর ওপর স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে রণতরীটি টানা নয় মাস ধরে সাগরে অবস্থান করছে। এই দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে অবস্থান এবং প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি নিয়ে মার্কিন কংগ্রেসেও উদ্বেগ দেখা দিয়েছে।

কানেকটিকাটের ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে এক চিঠিতে জাহাজটির অভ্যন্তরীণ পরিস্থিতির অবনতি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে সতর্ক করেছেন।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language