জাতীয়

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল

দিনাজপুর, ১৪ আগস্ট – ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৬৮তম চালানে প্রায় সাত হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। গত ১০ আগস্ট সন্ধ্যা থেকে শুরু হওয়া এই ডিজেল সরবরাহের কার্যক্রম শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সফলভাবে সম্পন্ন হয়।

এবারের চালানে মোট ৮২ লাখ ৩৫ হাজার ২৯০ লিটার ডিজেল আমদানি করা হয়েছে। ২০১৮ সালে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে।

২০২৩ সালের ১৮ মার্চ এই পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত মোট ৩০ লাখ ১৪ হাজার ৭৮ টন ডিজেল ভারত থেকে এসেছে।

আমদানি করা এই জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তিনটি প্রধান প্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে সমানভাবে বিতরণ করা হয়।

বাংলাদেশের অভ্যন্তরে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত।

মাটির নিচে পাঁচ থেকে আট ফুট গভীরে স্থাপিত এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরাসরি পরিবহন করার ফলে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ আরও সহজ হয়েছে। এর ফলে সড়ক ও রেলপথের ওপর জ্বালানি পরিবহনের নির্ভরতা অনেকাংশে হ্রাস পেয়েছে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এনএন/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language