উত্তর আমেরিকা

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী লিংকনে মানবিক সংকট, বদলি হচ্ছে জাহাজ

ওয়াশিংটন, ১৪ আগস্ট – মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী অভিযানে দীর্ঘ সময় নিয়োজিত থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে চরম মানসিক ও সরবরাহ সংকট তৈরি হয়েছে। টানা ২৬০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থানে থাকায় জাহাজটির নাবিক ও সেনাসদস্যদের মধ্যে তীব্র হতাশা এবং মানসিক অবসাদ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রমাগত চাপের মুখে কয়েকজন সেনাসদস্য জাহাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন। পরিস্থিতি মোকাবিলায় পেন্টাগন এখন প্রশান্ত মহাসাগরে মোতায়েন থাকা ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীটিকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে।

ভিয়েতনামের দা নাং বন্দর থেকে যাত্রা শুরু করা এই জাহাজটি ইতোমধ্যে সিঙ্গাপুর প্রণালি অতিক্রম করে ভারত মহাসাগরের পথে রয়েছে যা শীঘ্রই লিংকনের স্থলাভিষিক্ত হবে। সাধারণত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ছয় থেকে নয় মাসের জন্য মোতায়েন করা হয়।

তবে যুদ্ধের তীব্রতার কারণে লিংকনের কার্যকাল অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে দীর্ঘকালীন অবস্থানের ফলে জাহাজে সুপেয় পানি, খাবার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট প্রকট হয়ে উঠেছিল।

নৌবাহিনী স্বীকার করেছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ডাকসেবাসহ অন্যান্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছিল যদিও বর্তমানে খাদ্য ও পানীয় সরবরাহ স্বাভাবিক করার দাবি করা হচ্ছে। এই সংকট নিয়ে মার্কিন রাজনীতিতে সমালোচনা শুরু হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অভিযোগগুলো অস্বীকার করলেও ডেমোক্রেটিক আইনপ্রণেতারা পেন্টাগনের জবাবদিহিতা চেয়েছেন। অ্যারিজোনার সিনেটর রুবেন গ্যালেগো পরিস্থিতিকে বিপজ্জনক বলে অভিহিত করে পরিদর্শনের হুঁশিয়ারি দিয়েছেন।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ এখনও যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন বা পেন্টাগন কেউই এই সংঘাত অবসানে কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language