জাতীয়

“শেখ হাসিনার প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত ভারতে যেতে পারবেন না তারেক রহমান”: নাহিদ ইসলাম

ঢাকা, ১৩ আগস্ট – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সমীকরণ নির্ধারিত না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যাবেন না।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নিহত শরীফ ওসমান হাদীর সংগঠন ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, গত ৫ আগস্ট নয়া দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছাড়া এই আয়োজন সম্ভব ছিল না বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ভারত সরকার এই দায় অস্বীকার করলেও তা গ্রহণযোগ্য নয়।

উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যদি সেভেন সিস্টার্সের কোনো বিদ্রোহী গোষ্ঠী ঢাকায় সংবাদ সম্মেলন করত এবং বাংলাদেশ সরকার দায় অস্বীকার করত, তবে তা যেমন কেউ বিশ্বাস করত না, দিল্লির ক্ষেত্রেও বিষয়টি তাই।

বিরোধীদলীয় চিফ হুইপ মনে করেন, দিল্লির এই অবস্থান বাংলাদেশের সার্বভৌমত্ব ও বিচারব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের ছায়াযুদ্ধ ঘোষণার শামিল। তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে সংবাদ সম্মেলন করতে দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের গণতন্ত্রের অবমাননা করেছে। এই ঘটনায় ভারতীয় হাইকমিশনকে তলব করে কঠোর জবাবদিহিতা চাওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের অপরাধীদের ফেরত পাঠিয়ে, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে এবং সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করে তবেই বন্ধুত্বের আলাপ করতে হবে। অন্যথায় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন।

এনএন/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language